This recipe of curated by স্বাতী চ্যাটার্জী (Swati Chatterjee) from Mirchi Chef Taal Recipe Contest Taal Se Taal Mila
তালের রসমঞ্জুরী/তালের পাকন পিঠে (Taler Roso Manjuri)
জন্মাষ্টমী হল শ্রীকৃষ্ণের জন্মদিন। এই দিন বিভিন্ন ধরনের মিষ্টি ও নোনতা খাবার বানিয়ে ,আমরা গোপাল ঠাকুর কে নিবেদন করে থাকি।
আজ আমি বংহাট থেকে পাওয়া মির্চি সেফ এর তাল পাল্প দিয়ে বানালাম এই দারুণ স্বাদের তালের রসমঞ্জুরী পিঠে বা তালের পাকন পিঠে।
মিষ্টি রসে ভরা,নরম তুলতুলে,ও তালের সুগন্ধে ভরপুর এই পাকন পিঠে গোপাল ঠাকুরকে ভোগ হিসাবে নিবেদন করা যাবে।
ফুল ও পাতার আকারে এই পাকন পিঠে বানানোর জন্য এই পিঠে দেখতে যেমন সুন্দর তেমনি তালের সুগন্ধে ভরপুর এই পাকন পিঠের স্বাদ ও অপূর্ব।
উপকরণ:-
১ কাপ(২৫০ গ্রাম )তালের পাল্প
১ কাপ জ্বাল দিয়ে একটু ঘন করা দুধ
১/২ কাপ নারকোল বাটা
১/৪ টেবিল চামচ ঘি/তেল
১চুটকি নুন
১ কাপ ময়দা
১/২ কাপ সুজি
১ কাপ পিঠে ভাজার জন্য সাদা তেল
চিনির সিরার জন্য লাগবে:-
১-১/২ কাপ চিনি
২-১/২ কাপ জল
৩-৪ টে ছোট এলাচ
পিঠের বিভিন্ন আকার দেওয়ার জন্য লাগবে:-
টুথপিক ও ঝাঁঝরি
রেসিপি (পদ্ধতি):-
প্রথমে একটি প্যানে, তালের পাল্প, দুধ, নারকোল বাটা,নুন ও ঘি নিয়ে, ভাল করে মিশিয়ে,গ্যাস জ্বালিয়ে,এই প্যান বসিয়ে,একটু মিশ্রণ টা নাড়তে হবে।
একটু ফুটে উঠলে,ওতে ময়দা ও সুজি দিয়ে একনাগারে নাড়তে হবে,যতক্ষণ না প্যানের গা থেকে ছেড়ে আসে ও একটা মণ্ডের এর মত হয়ে যায়।
এরপর এই ডো বা মণ্ড টা একটু ঠাণ্ডা হলে,হাতে সামান্য ঘি লাগিয়ে ভাল করে মেখে নিতে হবে।
এই মণ্ড থেকে ছোট ছোট গোল ও চ্যাপ্টা আকারে পিঠে বানিয়ে,ওর উপর টুথপিক ও ঝাঁঝরি দিয়ে ফুল ও পাতার আকারে দিতে হবে।
প্যানে তেল গরম করে,এই বানিয়ে রাখা পিঠে গুলো দুই পিঠ সোনালী করে ভেজে নিতে হবে। এই ভাবে সব পিঠে গুলো ভেজে নিতে হবে।
চিনির সিরার বানানোর জন্য গ্যাস জ্বালিয়ে,একটি পাত্রে চিনি ছোট এলাচ ও জল দিয়ে ভাল করে ফুটিয়ে নিতে হবে।
(কোনো তারের সিরা করার দরকার নেই, একটু চিটচিটে সিরা হলেই হবে।)
এবার ভাজা পিঠে গুলো ,হাল্কা গরম চিনির সিরাতে , কিছুক্ষণ ঢুবিয়ে রেখে উঠিয়ে নিতে হবে।
(বেশিক্ষণ রসে ভেজানো যাবে না,তাহলে পিঠে ভেঙ্গে যাবে)
এরপর সুন্দর করে সাজিয়ে পরিবেশন করতে হবে।
এই রসমঞ্জুরী পিঠে গোপাল ঠাকুরকে ভোগ হিসাবে নিবেদন করা যাবে।
শুধু শুধু ও এই পিঠে খেতে খুব ভাল লাগবে। আবার খাবারের শেষে মিষ্টিমুখ করার জন্য এই পাকন পিঠে পরিবেশন করা যাবে।

